মার্কিন স্টার্টআপ জগতে তিন বাংলাদেশির নতুন সাফল্য
তিন বাংলাদেশি সহপ্রতিষ্ঠাতার সান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ টিলিয়ন এআই এজেন্টের জন্য ব্রাউজার প্রযুক্তি বানায়, জায়গা পেয়েছে ওয়াই কম্বিনেটরে।

সান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ টিলিয়ন জায়গা করে নিয়েছে ওয়াই কম্বিনেটরের ২০২৬ সালের ব্যাচে। দুনিয়ার সবচেয়ে পরিচিত এই স্টার্টআপ এক্সেলারেটরে আবেদনকারীদের মাত্র প্রায় ১ শতাংশ সুযোগ পায় বলে জানা যায়।
টিলিয়নের সহপ্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার ইসলাম আরহাম, কাজী ফারদিনুল হক ও আবদুল বাসিত তন্ময়, সঙ্গে ভারতের আরমান লুথরা। তাঁরা এআই এজেন্টের জন্য ব্রাউজার অবকাঠামো বানাচ্ছেন। অর্থাৎ এআই যাতে মানুষের মতো ওয়েবসাইট খুলতে, পড়তে ও কাজ করতে পারে।
তাদের মূল পণ্য ফোর্ট্রেস, ক্রোমিয়ামের ওপর তৈরি একটি ওপেন সোর্স ইঞ্জিন। প্রতিষ্ঠানটির দাবি, ১৭০টির বেশি কোম্পানির প্রকৌশলী এটি ব্যবহার করেন এবং ডাউনলোড ১ লাখ ছাড়িয়েছে। মাত্র চারজনের এই দল একটি বেঞ্চমার্কে কয়েকবার প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এক মার্কিন প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশের তরুণ প্রোগ্রামারদের জন্য এটি একটি বার্তা: বড় দল বা বিশাল পুঁজি ছাড়াও ভালো কোড আর খোলা কাজ দিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া যায়।


